শিরোনাম

যশোর, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : যশোরের অভয়নগরে মাদক মামলায় জামিনে মুক্তি পেয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ায় জিল্লুর রহমান পলাশ (৪৮) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দীন দিপু এ রায় দেন। দণ্ডিত পলাশ উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত ওলিয়ার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভয়নগর থানায় পলাশের বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। ৭ দিন আগে একটি মামলায় কারাগার থেকে জামিনে বেরিয়েই তিনি আবার মাদক কেনাবেচায় সক্রিয় হন বলে অভিযোগ ওঠে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. ইমদাদুল শেখ জানান, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে গুয়াখোলা গ্রামের প্রফেসর পাড়ায় অভিযান চালিয়ে পলাশকে দুই পিস ইয়াবা ও এক পুরিয়া গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে সাজা ঘোষণা করা হয়।
বিচারক শেখ সালাউদ্দীন দিপু বাসস’কে বলেন, ‘মাদকদ্রব্য বহন ও সংরক্ষণের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারা অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’