শিরোনাম

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ (বাসস) : এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে বরাবরের মতো নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ। শতভাগ পাসের সাফল্য ধরে রাখার পাশাপাশি প্রতিষ্ঠানটির বেশিরভাগ শিক্ষার্থী অর্জন করেছে জিপিএ-৫।
এ বছর প্রতিষ্ঠানটির ৯০৭ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ৬৭৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। আজ সোমবার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফল বিশ্লেষণ করে দেখা গেছে, রাজউক উত্তরা মডেল কলেজের বিজ্ঞান বিভাগে ৬৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছেন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৬১২ জন। যা শতকরা ৮৯ দশমিক ২১ শতাংশ। আর ব্যবসায় শিক্ষা বিভাগে ২২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৬২ জন। এখানে জিপিএ-৫ প্রাপ্তির হার ২৮ দশমিক ৫ শতাংশ। দুই বিভাগ মিলিয়ে জিপিএ-৫ পাওয়ার হার দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৩১ শতাংশ।
শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডসমূহ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালে সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে। সারা দেশজুড়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী। সার্বিক ফলাফলে সারা দেশে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনে সক্ষম হয়েছে।
এ বছর যেখানে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, সেখানে রাজউকের গড় পাশের হার কয়েক বছর ধরেই শতভাগ। ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানটির এমন অসামান্য অর্জনে আনন্দ ও উল্লাসে মেতে ওঠেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এই গৌরবময় সাফল্য নিয়ে কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল হক আহমেদ বাসসকে জানান, কোমলমতি শিক্ষার্থীদের নিয়মনিষ্ঠ অধ্যবসায়, শিক্ষকদের আধুনিক ও আন্তরিক পাঠদান পদ্ধতি এবং অভিভাবকদের ধারাবাহিক সচেতনতা ও সহযোগিতার বলেই প্রতি বছর এমন উজ্জ্বল ফল লাভ করা সম্ভব হচ্ছে।
মানসম্মত শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন রেখে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে এই সাফল্য ধরে রাখার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।