বাসস
  ১০ আগস্ট ২০২৬, ২১:০৭

নেত্রকোণায় এসএসসিতে পাসের হার ৬০.৪৯, দাখিলে ৫৩.৬১ ও ভোকেশনালে ৪৬.০৬ শতাংশ

নেত্রকোণা, ১০ আগস্ট, ২০২৬ (বাসস): জেলায় ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৬০.৪৯ শতাংশ। 

এছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৫৩.৬১ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৪৬.০৬ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর নেত্রকোণা জেলার ১০টি উপজেলায় এসএসসি পরীক্ষায় মোট ১৯ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১১ হাজার ৫০৮ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৮২০ জন শিক্ষার্থী। 

জেলায় এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ পাসের হার মোহনগঞ্জ উপজেলায় (৬৮.৩৬) এবং সর্বনিম্ন পাসের হার খালিয়াজুরি উপজেলায় (৪৯.৪১)। এ বছর জেলায় শতভাগ পাস করা প্রতিষ্ঠান রয়েছে ১টি (কেন্দুয়া উপজেলার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ)। 

দাখিল পরীক্ষায় জেলার ১০টি উপজেলা থেকে মোট ৩ হাজার ৩৭৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১ হাজার ৮১১ জন কৃতকার্য হয়েছে। এতে জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন শিক্ষার্থী। দাখিলে সর্বোচ্চ পাসের হার বারহাট্টা উপজেলায় (৫৯.৪২)।

কারিগরি (এসএসসি ভোকেশনাল) পরীক্ষায় ১০টি উপজেলায় মোট ২ হাজার ২৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ৩৪ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৫২ জন। ভোকেশনালে পাসের হারে শীর্ষে রয়েছে পূর্বধলা উপজেলা (৭২.৯২)।

অন্যদিকে, পৌরসভা এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে এসএসসিতে পাসের হার ৭৯.৫২ শতাংশ (জিপিএ-৫ ২৮৭ জন), দাখিলে ৬০.৮৪ শতাংশ (জিপিএ-৫ ১৪ জন) এবং ভোকেশনালে ৪৫.২৪ শতাংশ (জিপিএ-৫ ৭ জন)। পৌর এলাকায় একমাত্র মালনী কারিগরি স্কুলে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহাম্মদ এ ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।