শিরোনাম

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ (বাসস): বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪০ জন সহকারী কমিশনার (ভূমি) কে পরবর্তী পদায়নের লক্ষ্যে তাদের চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার (৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪০ জন কর্মকর্তাকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। তারা ঢাকার ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন করার পর ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা, ২০২২’ অনুসরণ করে দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন পাবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে এসব কর্মকর্তা দেশের বিভিন্ন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন। তাদের প্রশাসনিক অভিজ্ঞতাকে ভূমি প্রশাসনে কাজে লাগানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মো. ফয়সাল (জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর), মো. শাহাদত হোসেন (নোয়াখালী), মো. ইকবাল হোসেন ও মো. শরীফ উদ্দিন (নেত্রকোণা), আশীষ কুমার দাস (যশোর), চৌধুরী বিশ্বনাথন আনন্দ (ব্রাহ্মণবাড়িয়া), মারযুক রহমান রিফাত (বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল), মো. আবুবকর সিদ্দিক (রাজবাড়ী), মো. আবু আবদুল্লাহ (বান্দরবান), এ.বি.এম. কাউসার জামান (ময়মনসিংহ), মো. ফজলে রাব্বী আসিফ (ঝালকাঠি), মুকসুদুস সালেহীন (নোয়াখালী), প্রীতম কুন্ডু (কুড়িগ্রাম), তাসনুভা ইসলাম (জামালপুর), উম্মে সালমা খানুন (খুলনা), নুরুল হদা মনির (ময়মনসিংহ), আবীর আনসারী (বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা), বিএমএসআর আলিফ (জামালপুর), মো. রায়হান উদ্দীন (নীলফামারী), মো. আহসান হাবিব (মুন্সীগঞ্জ), তড়িৎ চন্দ্র শীল (বাগেরহাট), সিহাব বিন আমিন (সিলেট), মোহাম্মদ জামিলুর রহমান (ময়মনসিংহ), মো. সাইদুন নবী জোহা (মাগুরা), মো. সাজ্জাদ হোসেন (মাগুরা), মো. আব্দুর রহমান শেখ (বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর), সাইয়েদ মাহমুদ বুলবুল (ভোলা), এ.এইচ.এম. ইজাজুল হক (নেত্রকোণা), ফাহমিদা জেরিন (রাঙ্গামাটি), মো. হাবিবুর রহমান (মেহেরপুর), শাহরিয়ার তানভীর আহমেদ (লালমনিরহাট), মোহাইমিনুল ইসলাম মামুন (বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী), প্রশান্ত কুমার (নওগাঁ), জোয়ার্দার আসিফ ইকবাল (রংপুর), আব্দুল্লাহ আল নাঈম (জামালপুর), ইস্তিয়াক আহমেদ অপু (সাতক্ষীরা), আব্দুল্লাহ-হেল-মাফি (বরিশাল), মোহাম্মদ আজম (ভোলা) এবং ফারদিন মনীর অর্ণব (পিরোজপুর)।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ে যোগদানের পর কর্মকর্তাগণ প্রথমে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণ শেষে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তাদের চূড়ান্ত পদায়ন করা হবে।
এতে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি, সব বিভাগীয় কমিশনার, সব জেলা প্রশাসক এবং বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।