বাসস
  ০৯ আগস্ট ২০২৬, ২০:৫৯

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভায় ২১৯৯ শ্রমিক ও পরিবারকে ১৩ কোটি টাকা অনুদান

ঢাকা, ৯ আগস্ট, ২০২৬ (বাসস) : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের ৩৪তম সভায় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত ২ হাজার ১৯৯ জন শ্রমিক ও তাদের পরিবারকে ১২ কোটি ৯৮ লাখ ৬৫ হাজার টাকা আর্থিক অনুদান এবং ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬৮ কোটি ৫০ লাখ ১০ হাজার টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।

আজ দুপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের ৩৪তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সভাপতির বক্তব্যে মন্ত্রী বলেন, শ্রমিক সমাজের কল্যাণ নিশ্চিত করা, দুর্যোগ-দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো এবং সামাজিক নিরাপত্তা বলয় জোরদার করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক লক্ষ্য।

তিনি বলেন, জাতীয় অর্থনীতিকে গতিশীল রাখতে এবং উৎপাদন ব্যবস্থার চাকা সচল রাখতে দেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উভয় খাতের শ্রমজীবী ভাই-বোনেরা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর ভর করেই দেশের উন্নয়ন পথপরিক্রমা ত্বরান্বিত হচ্ছে।

মন্ত্রী বলেন, কোনো শ্রমজীবী মানুষ যেন বিপদে নিঃসঙ্গ বোধ না করেন, সেটাই আমাদের লক্ষ্য। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন সবসময় শ্রমিকদের অধিকার ও জীবনের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগে একটি সুষম, কর্মবান্ধব ও শোষণমুক্ত শ্রমনীতি ও পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।

সভায় শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।