বাসস
  ০৫ আগস্ট ২০২৬, ১৬:৩৯

নাটোরের বাউয়েট ক্যাম্পাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ছবি: বাসস

নাটোর, ৫ আগস্ট, ২০২৬ (বাসস) : নাটোরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে আজ বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের গৌরবকে জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে যাবে। তাদের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে। সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে আমরা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবো।

আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল (অব) মো. শওকত হুসেন, সায়েন্স এন্ড হিউম্যানিটিস এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেখ তৌফিকুল ইসলাম, আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সরোয়ার রহমান এবং সিএসই বিভাগের শিক্ষার্থী সাদিয়া ইসলাম তিসা।

এছাড়া বাদ জোহর ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।