শিরোনাম

পঞ্চগড়, ৫ আগস্ট, ২০২৬ (বাসস) : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো।
বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের শেরে বাংলা পার্কে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের দল, তারেক রহমানের সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবো।
সকল দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, আমরা সকলে ঐক্যবদ্ধ হই। যাতে ফ্যাসিস্ট আবারো কোনোভাবে সুযোগ নিয়ে আমাদের মধ্যে অনৈক্য তৈরি করতে না পারে। এই বাংলাদেশে বিভেদ তৈরি করতে না পারে। বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। সেই স্বাধীনতা আমরা যেন অক্ষুণ্ন রাখতে পারি। আমি আমাদের সকল দলের, সকল মতের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।
তিনি আরো বলেন, আমাদের এই পঞ্চগড়ের ৫ জন কৃতি সন্তান রাজ পথে ফ্যাসিস্টের গুলিতে তাদের তাজা প্রাণ বিলিয়ে দিয়েছে। আমরা তাদের মাগফেরাত কামনা করছি।
এদিন জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, জুলাই শহীদ পরিবারসহ সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
পরে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার ও জুলাই আহত যোদ্ধাদের সংবর্ধনা দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।
পরে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জুলাই শহীদ পরিবারের সদস্যরা, জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।