বাসস
  ০৪ আগস্ট ২০২৬, ২০:৫৪

চবিতে জুলাই চিত্রকলা-গ্রাফিতি প্রদর্শনী এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি : বাসস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ৪ আগস্ট, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী চিত্রকলা ও গ্রাফিতি প্রদর্শনী এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে চবি জাদুঘরের গ্যালারিতে চিত্রকলা ও গ্রাফিতি প্রদর্শনী এবং চাকসু কেন্দ্রে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।

চবি উপ-উপাচার্য (শিক্ষা) ও ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীনের সভাপতিত্ব এবং চবি প্রক্টর অধ্যাপত ড. হোসেন শহীদ সরওয়ার্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ‘জুলাইয়ের ঘটনাগুলো আমাদের কখনো ভুলে গেলে চলবে না। সেই ভয়াবহ দিনগুলোতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন দিয়ে গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং নিরাপদ রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল। আজ আমরা যে স্বাধীনভাবে কথা বলতে পারছি, সেটি তাদের আত্মত্যাগেরই ফল।’

তিনি আরও বলেন, ‘নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো উদ্যোগ অত্যন্ত কার্যকর। শিশুরা তাদের কল্পনা ও সৃজনশীলতার মাধ্যমে যে চিত্র ফুটিয়ে তুলছে, তা প্রমাণ করে জুলাইয়ের চেতনা তাদের মনেও স্থান করে নিয়েছে।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, ‘আজকের এই আয়োজনটি একটু ভিন্নধর্মী। আমাদের ছোট্ট শিক্ষার্থীরা চিত্রাঙ্কনের পাশাপাশি গ্রাফিতিও আঁকছে। তারা তাদের কল্পনা, অনুভূতি এবং দেশপ্রেমকে রঙ-তুলির মাধ্যমে ফুটিয়ে তুলছে।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, এ ধরনের সৃজনশীল চর্চা তাদের মধ্যে মুক্তচিন্তা, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতিহাসের শিক্ষা ও স্বাধীনতার মূল্যবোধ যেন আগামী প্রজন্ম কখনো ভুলে না যায়, সেই বার্তাও এই আয়োজনের মাধ্যমে তারা ধারণ করবে।’