শিরোনাম

রংপুর, ৪ আগস্ট, ২০২৬ (বাসস): রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষায় প্রতারণা চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক, চুরি ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে আরো ২৪ জনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার আরপিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনায় মহানগরজুড়ে পরিচালিত অভিযানে কোতয়ালী থানা, গোয়েন্দা বিভাগ (ডিবি), হাজীরহাট, হারাগাছ ও পরশুরাম থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষায় জাল প্রবেশপত্র তৈরি ও প্রক্সির মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বিভিন্ন অভিযানে ১৪৭ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
এ সময় প্রতারণার মাধ্যমে অন্তরঙ্গ ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের এক মামলার আসামি এবং একটি চুরি মামলার তিন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি আরসিসি পিলার তৈরির ফর্মা ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল কাদের বাসস’কে জানান, আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বাসস’কে জানান, মাদক কারবারি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।