বাসস
  ৩০ জুলাই ২০২৬, ২১:১১

গাকৃবি’র উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ছবি : সংগৃহীত

গাজীপুর, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক গবেষণা, শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
 
আজ বৃহস্পতিবার উপাচার্যের কার্যালয়ে এ বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রের পারদু ইউনিভার্সিটি ওয়েনের অধ্যাপক ড. আহমেদ মুস্তফা এবং অবার্ন ইউনিভার্সিটি কলেজ অব অ্যাগ্রিকালচারের সহকারী অধ্যাপক টিমোথি জে. ব্রুস ও ড. আহমেদ মুস্তফা।

এ সময় কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হক, ফিশারিজ বায়োলজি অ্যান্ড অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক ড. এস. এম. রফিকুজ্জামান, সহকারী অধ্যাপক ইব্রাহিম রশিদ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অতিথিদের স্বাগত জানিয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থার বিভিন্ন র‌্যাঙ্কিংয়ে গাকৃবি জাতীয় পর্যায়ে শীর্ষস্থান অর্জনের পাশাপাশি বৈশ্বিক পরিমণ্ডলেও মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে। 

তিনি কৃষি ও মৎস্য খাতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবিত প্রযুক্তি এবং কৃষকবান্ধব নতুন জাত উদ্ভাবনের বিষয়েও আলোকপাত করেন। এছাড়াও আলোচনায় শিক্ষা ও গবেষণায়, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, গবেষণা প্রকল্প বাস্তবায়ন এবং আধুনিক কৃষি ও জলজ সম্পদ উন্নয়নে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রতিনিধি দলের পক্ষ থেকে গাকৃবির সঙ্গে অবার্ন ইউনিভার্সিটি ও পারডু ইউনিভার্সিটি ফোর্ট ওয়েনের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব দেওয়া হলে উপাচার্য তা স্বাগত জানান।

এ সময় উভয়ে এ ধরনের সহযোগিতা গবেষণা, উদ্ভাবন, মানবসম্পদ উন্নয়ন এবং দেশের কৃষি খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।