বাসস
  ৩০ জুলাই ২০২৬, ১৯:৫৯

দক্ষ জনশক্তি গঠনে ২৫ বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির

ছবি : বাসস

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : বৈশ্বিক কর্মবাজারে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি, উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ এবং বিদেশি শিক্ষার্থীদের আকর্ষণ করতে দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ে আধুনিক ‘ল্যাঙ্গুয়েজ সেন্টার’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এসব সেন্টারে জাপানি, কোরিয়, চীনা, আরবি, ফরাসি ও জার্মানসহ মোট আটটি আন্তর্জাতিক ভাষা শেখানো হবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ কথা জানান।

ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীদের ভর্তিতে উৎসাহিত করা, সমস্যা চিহ্নিতকরণ ও অভিজ্ঞতা পর্যালোচনার লক্ষ্যে বাকৃবিতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাব্যবস্থায় তৃতীয় ভাষা অন্তর্ভুক্তির পরিকল্পনা নিয়েছে। ফলে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দক্ষ বিদেশি ভাষা শিক্ষকের চাহিদা তৈরি হবে। প্রস্তাবিত ল্যাঙ্গুয়েজ সেন্টারগুলো সেই চাহিদা পূরণের পাশাপাশি শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মসংস্থানে প্রবেশের পথ সুগম করবে। চতুর্থ শিল্পবিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বহুভাষিক দক্ষতা এখন অপরিহার্য সক্ষমতা।’

অধ্যাপক ড. মামুন আহমেদ আরও জানান, উচ্চশিক্ষাকে বৈশ্বিক মানে উন্নীত করতে ইউজিসি পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করছে, যার মূল লক্ষ্য বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ‘এডুকেশন হাব’ হিসেবে প্রতিষ্ঠা করা। বিদেশি শিক্ষার্থীদের সেবা সহজীকরণে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি ‘ইন্টারন্যাশনাল ডেস্ক’ গঠন করা হবে। পাশাপাশি প্রথম ধাপে ৫টি পাবলিক ও ৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে মডেল ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তুলে আন্তর্জাতিক মানের আবাসন ও আধুনিক সুবিধা নিশ্চিত করা হবে।

এর আগে, এ দিন বাকৃবির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসি চেয়ারম্যান। সেখানে তিনি খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী কৃষিবিদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার প্রধান পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।

অনুষ্ঠানে ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম ও রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।