শিরোনাম

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : জাপানে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থী, গবেষক ও শিক্ষাবিদদের জন্য আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘জাপান শিক্ষা সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (জেইউএএবি) এবং বাংলাদেশে জাপান দূতাবাস যৌথভাবে আয়োজিত সেমিনারটি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
জেইউএএবি’র সভাপতি অধ্যাপক ড. এ টি এম জাফরুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
ঢাবি উপাচার্য বলেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্ক দীর্ঘদিনের পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও বন্ধুত্বের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জাপান বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী। উচ্চশিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেলে দুই দেশের বিশ্ববিদ্যালয়, গবেষক, শিল্পখাত এবং তরুণ প্রজন্মের মধ্যে নতুন নতুন অংশীদারিত্ব গড়ে উঠবে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, বৃত্তি কর্মসূচি এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের উদ্যোগ আন্তর্জাতিকীকরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, নিজেদের স্বপ্ন পূরণে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে। কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়ন এবং মানবকল্যাণে কার্যকরভাবে কাজে লাগে। ভবিষ্যতে তোমরাই বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
জেইউএএবি জাপান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী বাংলাদেশী পেশাজীবীদের একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। সংগঠনটির সদস্যরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
সংগঠনটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে জাপানীজ ভাষা শিক্ষা ও জাপানের সংস্কৃতি পরিচিত করার পাশাপাশি জাপান ফাউন্ডেশন এবং বাংলাদেশে জাপান দূতাবাসের সহযোগিতায় শিক্ষা সেমিনার আয়োজন করে আসছে।
এছাড়াও অনুষ্ঠানে ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, বাংলাদেশে জাপান দূতাবাসের সংস্কৃতি ও জনসংযোগ বিভাগের প্রধান ইউ আওয়াগি বক্তব্য রাখেন।
সকাল সাড়ে ১০ টায় নিবন্ধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে উদ্বোধনী বক্তব্য, জাপান সরকারের বিভিন্ন বৃত্তি বিশেষ করে মেক্সট স্কলারশিপ সম্পর্কিত বিস্তারিত উপস্থাপনা এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
এছাড়া জাপানে উচ্চশিক্ষার সুযোগ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া, শিক্ষাজীবনের বাস্তব অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়।