বাসস
  ২৮ জুলাই ২০২৬, ১৭:০৩

চুয়াডাঙ্গায় অনিয়মের দায়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 

চুয়াডাঙ্গা, ২৮ জুলাই ২০২৬ (বাসস): জেলার আলমডাঙ্গা উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে তদারকিকালে লাইসেন্স ব্যতীত এলপি গ্যাস বিক্রি করায় মেসার্স তিতাস সাইকেল স্টোরের মালিক মো. মফিজ উদ্দীনকে দুইহাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ‘ডা.’ পদবী ব্যবহার করায় মেসার্স সামিরন ফার্মেসীর মালিক মো. আশরাফুল আলমকে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির অপরাধে মেসার্স রবিউল বীজ ভান্ডারের মালিক মো. রবিউল হককে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে মেসার্স বিসমিল্লাহ হোমিও ক্লিনিকের মালিক মো. হুমায়ুন কবিরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ৪ টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে জেলা বীজ প্রত্যয়ন এজেন্সীর বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।