শিরোনাম

দিনাজপুর, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার পার্বতীপুর উপজেলার পৌরসভা এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে ১৫ হাজার ৫৭৬ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার রাতে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বার্তায় জানানো হয়, দিনাজপুর ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত ১১ টায় জেলার পার্বতীপুর পৌরসভার রহমতনগর এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালায়। অভিযানে কুরিয়ার সার্ভিস অফিস থেকে অনুমোদনবিহীন ও সরকারি লাইসেন্স ছাড়া যৌন উত্তেজক সিরাপ বিক্রির অভিযোগে মো. লাভলু হোসেন মানিক (৪০) নামে একজনকে আলামতসহ হাতে নাতে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ পৃথক অভিযানে মো. ওমর ফারুক সরকার (৪২) ও মো. হাসান আলী (৫৮) নামে আরও দুই জনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত ব্যক্তিদের দেখানো মতে কুরিয়ার সার্ভিসের অফিসের ভেতর থেকে ৩৫টি কার্টনে অনুমোদনবিহীন বিভিন্ন কোম্পানির মোট ১৫ হাজার ৫৭৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপগুলোর লেবেল অনুযায়ী মূল্য ৯ লাখ ৯৬ হাজার ২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ডিবি পুলিশ পরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা আরও কয়েকজনের সহযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে এসব অনুমোদন বিহীন ও লাইসেন্স বিহীন যৌন উত্তেজক সিরাপ সংগ্রহ করে অধিক মুনাফার আশায় তরুণ ও যুবকদের নিকট বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের গ্রেফতার করতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে আজ মঙ্গলবার জেলার পার্বতীপুর থানায় ডিবি পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় ডিবি পুলিশ।