বাসস
  ২৮ জুলাই ২০২৬, ১৫:৩৯

হাবিপ্রবিতে তিন দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

জেলার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) তিন দিনব্যাপী গবেষণা পর্যালোচনামূলক কর্মশালা শুরু হয়েছে। ছবি : বাসস

দিনাজপুর, ২৮ জুলাই ২০২৬ (বাসস): জেলার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) তিন দিনব্যাপী গবেষণা পর্যালোচনামূলক কর্মশালা শুরু হয়েছে। হাবিপ্রবির জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন। গতকাল সোমবার বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত কর্মশালার উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। হাবিপ্রবির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) এই বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা আয়োজন করে। গতকালের কর্মশালায়  কৃষি অনুষদ এবং সিএসই অনুষদের শিক্ষক ও গবেষকদের গবেষণাপত্র উপস্থাপন করা হয়।

হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, হাবিপ্রবি বিশ্ববিদ্যালয় একটি গবেষণামূলক বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে প্রতি বছর নতুন নতুন গবেষণার মাধ্যমে গবেষকরা অনেক মূল্যবান বিষয় উদ্ভাবনে দেশের কাজে সহায়ক হিসেবে কাজ করে যাচ্ছেন। গবেষকদের গবেষণায় সহযোগিতার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়েছে। আশা করি, এ কর্মশালার মাধ্যমে গবেষকরা তাদের কার্যক্রমে অনেক উপকৃত হবেন।   

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপউপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মনিরুজ্জামান বাহাদুর, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. জামিল সুলতান এবং আইআরটির পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেন এবং  ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান।

প্রথম দিনের কর্মশালায় কৃষি অনুষদের ২৫টি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ১১টি গবেষণা প্রজেক্ট উপস্থাপন করা হয়। এসব গবেষণা প্রজেক্ট উপস্থাপনের মাধ্যমে অংশগ্রহণকারী গবেষকদের গবেষণার কাজে সহায়ক তথ্য উপস্থাপন করা হয়।