শিরোনাম

রাজবাড়ী, ২৮ জুলাই, (বাসস) : রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার বিকেল ৫টায় সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শংকর চন্দ্র বৈদ্য।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার এবং উপজেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, একটি সুস্থ, মানবিক ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে শিশু-কিশোরদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। তিনি বলেন, পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশীয় কৃষ্টি-সংস্কৃতি, মূল্যবোধ ও নৈতিকতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলির পর শিক্ষার্থীদের যৌতুক, নারী নির্যাতন, বাল্য বিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ সম্পর্কে সচেতন করতে হবে। পাশাপাশি বই পড়াকে উৎসবে পরিণত করে শিশু-কিশোরদের মোবাইল ফোনের প্রতি আসক্তি থেকে দূরে রাখার পরিবেশ সৃষ্টি করতে হবে।
সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায় বলেন, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের বরাদ্দকৃত অর্থায়নে রাজবাড়ী জেলার ১৯৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি জানান, এবারই প্রথম সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলো এ বরাদ্দের আওতায় এসেছে। এতে শিক্ষার্থীদের খেলাধুলা,শিক্ষা কার্যক্রম এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে জেলার ১৯৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রিকেট খেলার সামগ্রী, হারমোনিয়াম, তবলা ও স্যানিটারি ন্যাপকিনসহ বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া সামগ্রী আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা, গণমাধ্যম কর্মী, বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।