বাসস
  ২৭ জুলাই ২০২৬, ২১:৩৪

পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোণা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস): জেলার পূর্বধলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
 আব্দুল্লাহ বুধী গ্রামের মো. কাজল মিয়া ও আঁখি আক্তার দম্পতির ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে বাড়ির উঠানে খেলা করছিল আব্দুল্লাহ। এ সময় তার বাবা-মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা।

খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পেছনে প্রতিবেশী নৃপেন্দ্র দাসের পুকুরের পানিতে কাজল মিয়া তার ছেলেকে ভাসতে দেখে চিৎকার দেন।

পরে স্থানীয়রা শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।