শিরোনাম

সাতক্ষীরা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, পাতার বিড়ি ও চা পাতাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য আনুমানিক ৯ লাখ ৮০ হাজার নয়শ’ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
আজ সোমবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার হিজলদী, তলুইগাছা ও কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বড়ালী নামক স্থান হতে ভারতীয় পাতার বিড়ি, চা পাতা, মেহেদী ও বিমল, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার নটিজঙ্গল নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এছাড়া, কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় ঔষধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক নয়লাখ ৮০ হাজার নয়শ’ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।