বাসস
  ২৭ জুলাই ২০২৬, ১৯:০০

রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাট, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার রামপাল উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় হাফেজ ইবারত আলী (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার মোংলা-খুলনা মহাসড়কের ভাগাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ইবারত আলী উপজেলার ইসলামাবাদ গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় ‘বড় হাফেজ সাহেব’ নামে পরিচিত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোংলা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস ভাগাবাজার এলাকায় পৌঁছালে একই দিকে চলাচলরত ইবারত আলীর মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বাসসকে জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করে।