শিরোনাম

কক্সবাজার, ২৭ জুলাই ২০২৬ (বাসস): জেলার রামু উপজেলায় আজ কক্সবাজার-টেকনাফ সড়কে কাভার্ডভ্যান ও সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই সহোদর নারীসহ মোট তিনজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
আজ সোমবার বেলা পৌঁনে ৩ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মধ্যম খুনিয়াপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাহনাজ বেগম (৪০) ও তার বোন রুবিনা বেগম (৪২)। তারা উভয়ে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকার জাফর আলমের মেয়ে। অন্যদিকে, এ ঘটনায় পরিচয় অজ্ঞাত আরও একব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা সবাই সিএনজি-চালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা পৌঁনে তিনটার দিকে রামুর মধ্যম খুনিয়াপালং এলাকায় কক্সবাজারমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং চালকসহ তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে রামু হাইওয়ে ক্রসিং থানার পরিদর্শক সুকান্ত চক্রবর্তী জানান, নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত দু’টি যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।