বাসস
  ২৭ জুলাই ২০২৬, ১৮:৪৮

নড়াইলে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত 

নড়াইল, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় সড়ক দুর্ঘটনায় মনির কাজী (৪৮) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মিলন খান নামে আরও এক ব্যক্তি।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইলের চিত্রা সেতুর পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির লোহাগড়া উপজেলার কোলা গ্রামের রোকন কাজীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মনির কাজীসহ তিন ব্যক্তি একটি নসিমনযোগে গরু নিয়ে লোহাগড়া থেকে ভাঙ্গুড়ার গরুর হাটে যাচ্ছিলেন। চিত্রা সেতুর পূর্ব প্রান্তে সেতুতে ওঠার সময় সেতুর লোহার রেলিংয়ের সঙ্গে তার ও সাথে থাকা ব্যক্তির মাথায় সজোরে আঘাত লাগে। এতে তিনি ও তার সঙ্গে থাকা মিলন নামে অপর ব্যক্তি গুরুতর আহত হন। 

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মনির কাজিকে মৃত ঘোষণা করেন। আহত মিলন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শামীম আক্তার বলেন, মাথায় গুরুতর আঘাত পাওয়া দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে মনির নামে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। অপরজনের মাথায় আঘাত রয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের হয়েছে।