বাসস
  ২৫ জুলাই ২০২৬, ২২:১৬

মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সংস্কৃতি মন্ত্রীর 

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী মাগুরা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবিঃ বাসস

ঢাকা, ২৫ জুলাই, ২০২৬ (বাসস): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণে সরকারি কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

আজ (শনিবার) মাগুরা পুলিশ লাইন্সে জেলা পুলিশ ও গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় সংস্কৃতি মন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সংস্কৃতি ও প্রকৃতির সমন্বয়ই একটি সমৃদ্ধ জাতির পরিচয় বহন করে। 
তিনি সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

কর্মসূচির অংশ হিসেবে মন্ত্রী নিজ হাতে একটি জলপাই গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। 

পরে খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানসহ উপস্থিত অতিথিরা কদবেলসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। 

এ সময় পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, মাগুরা পৌর বিএনপির সভাপতি মো. মাসুদ হাসান খান কিজিল এবং গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম খান।