শিরোনাম

খুলনা, ২৪ জুলাই, ২০২৬ (বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে হলের ক্যান্টিনকর্মী ইমাম হাসানকে (২৪) আটক করেন শিক্ষার্থীরা।
উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সকাল থেকে রাত পর্যন্ত একাধিকবার সভা অনুষ্ঠিত হয়| সকালে এবং দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী।
এসব সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়| সভা থেকে গতকাল বৃহস্পতিবারের সকল পরীক্ষা স্থগিত রাখা হয়| সভার সিদ্ধান্ত অনুযায়ী-অভিযুক্ত ক্যান্টিনকর্মী মো. ইমাম হাসান ও তার স্ত্রী রুপা মণির বিরুদ্ধে হরিণটানা থানায় মামলা দায়ের করা হয়| বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন| মামলা নং ৩৩২৩ (৬)/১| বিকেলে মামলা দায়েরের পর অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারের প্রেরণের নির্দেশ দেন।
সভায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বাংলা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রুবেল আনছারের যৌন হয়রানির ঘটনায় রিভিউ আবেদন প্রাপ্তি সাপেক্ষে পুনরায় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়।এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সাময়িক বহিস্কৃত শিক্ষক প্রফেসর মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত উচ্চ পর্যায়ের কমিটি এবং যৌন নিপীড়ন প্রতিরোধ কেন্দ্রের তদন্ত কমিটির দুটি তদন্ত চলমান রয়েছে বলে জানানো হয়| সভায় দুই কমিটির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তদন্ত কার্যক্রম সম্পর্কে অবহিত করেন| কমিটি দুটি আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবেন মর্মে নিশ্চয়তা প্রদান করেন।