শিরোনাম

ঢাকা, ২৩ জুলাই, ২০২৬ (বাসস) : বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এ বোর্ডের অধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা আগামী ২৭ জুলাই সোমবার থেকে পুনরায় শুরু হচ্ছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, অংশীজনদের পরামর্শ এবং যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এই অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল।
বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদন ও পরীক্ষা নিয়ন্ত্রকের আবেদনের প্রেক্ষিতে আগামী ২৭ জুলাই সোমবার থেকে বিদ্যমান সময়সূচি অনুযায়ী অবশিষ্ট পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ইতোমধ্যে যেসব বিষয়ের পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল, সেগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।