বাসস
  ২১ জুলাই ২০২৬, ১৫:০৪

পবিপ্রবির উন্নয়ন কার্যক্রম স্বচ্ছ ও গতিশীল করার আহ্বান

ছবি : বাসস

পটুয়াখালী, ২১ জুলাই ২০২৬ (বাসস): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় সব ধরনের কার্যক্রম স্বচ্ছ ও গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। 

বিশ্ববিদ্যালয়ের খাতভিত্তিক বাজেট বিভাজন, বার্ষিক ক্রয় পরিকল্পনা এবং চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয়ে প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক সভায় তিনি এ আহ্বান জানান। তিনি তার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন।  

সভায় উপাচার্য ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের কার্যকর বাস্তবায়ন, খাতভিত্তিক ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং বার্ষিক ক্রয় পরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান অবকাঠামোগত উন্নয়নকাজ গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

সভায় অন্যান্যের মধ্যে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. ইউনুস শরীফসহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।