বাসস
  ২০ জুলাই ২০২৬, ১৭:৪০

খুবির এফএমআরটি ডিসিপ্লিনের হ্যাচারিতে উৎপাদিত দেশীয় মাছের পোনা অবমুক্ত

খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের অর্থায়নে এফএমআরটি ডিসিপ্লিনের হ্যাচারিতে উৎপাদিত দেশীয় প্রজাতির টেংরা ও শিং মাছের পোনা অবমুক্ত করা হয়। ছবি: বাসস

খুলনা, ২০ জুলাই, ২০২৬ (বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)-এর রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের অর্থায়নে ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিনের হ্যাচারিতে উৎপাদিত দেশীয় প্রজাতির টেংরা ও শিং মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

এফএমআরটি ডিসিপ্লিন পরিচালিত ‘জিন ব্যাংক ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ক্যাপাবিলিটি এনহ্যান্সমেন্ট অব স্মল ইন্ডিজিনাস ফিশ স্পিসিজ’ শীর্ষক সাব-প্রকল্পের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন পুকুরে প্রথমে মাছের পোনা অবমুক্ত করা হয়। 

খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য জলাশয়েও দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

সংসদ সদস্য আমীর এজাজ খান অনুষ্ঠানে দেশীয় ক্ষুদ্র মাছের জিনগত বৈচিত্র্য সংরক্ষণ, টেকসই প্রজনন প্রযুক্তির উন্নয়ন এবং গবেষণাভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় এ ধরনের প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, এফএমআরটি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, সংশ্লিষ্ট প্রকল্পের মুখ্য গবেষক প্রফেসর ড. মো. গোলাম সরোয়ার, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. খসরুল আলম, খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর শরীফ মোহাম্মদ খানসহ ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মো. পারভেজ ও এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।