শিরোনাম

দিনাজপুর, ২০ জুলাই, ২০২৬ (বাসস) : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ১১৮ কোটি ৫৮ লাখ ৬ হাজার টাকা ব্যয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে ছাত্রী হল নির্মাণ কাজ শুরুর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সোমবার হাবিপ্রবি’র জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বাসস’কে নিশ্চিত করেন।
তিনি বলেন, চলতি অর্থ বছর হাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে উন্নয়নমূলক কাজে সরকারি ভাবে প্রায় ৬শ’ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
বরাদ্দকৃত অর্থে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিরসনে মেগা প্রকল্প গ্রহণে ১২ তলা বিশিষ্ট দু’টি হল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি ছাত্রী হল নির্মাণ কাজ শুরু করতে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. এনামুল্যাহ জানান, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সহধর্মিণী ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই দিনাজপুর শহরের কৃতি সন্তান। তাঁর শৈশব কাল, শিক্ষাজীবন এবং জীবনের বেশ কিছু সময় এখানে অতিবাহিত হয়েছে। হাবিপ্রবি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁর স্মৃতি সংরক্ষণে একটি ১২ তলা বিশিষ্ট আধুনিক ছাত্রী হল নির্মাণের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। খুব শিগগির ছাত্রী হলটির নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।
তিনি বলেন, এছাড়া তাঁর মরহুম বাবা মা এবং বড় বোন সাবেক মন্ত্রী খুরশিদ জাহান হক এর কবর এই শহরে শেখ ফরিদ কবরস্থানে রয়েছে। তাঁর বড় বোন সাবেক মন্ত্রী খুরশিদ জাহান হক হাবিপ্রবি বিশ্ববিদ্যালয়সহ দিনাজপুরে সর্বত্রই দৃশ্যমান উন্নয়নমূলক কাজ করে গিয়েছেন। যা এখন পর্যন্ত দৃশ্যমান হয়ে রয়েছে।
হাবিপ্রবি প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মো.এনামুল হক জানান, হাবিপ্রবিতে এই প্রথম একটি ১২ তলা বিশিষ্ট মেগা প্রকল্প গ্রহণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে ছাত্রী হল নির্মাণ হতে যাচ্ছে। হলের প্রত্যেক ফ্লোরে ৩০ হাজার বর্গ মিটার, ১২ তলা পযন্ত ১১৮ কোটি ৫৮ লাখ ৬ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু করা হবে। ১২ তলা পর্যন্ত ৩০৩টি আবাসন কক্ষ থাকবে। প্রত্যেকটি কক্ষে ৪জন করে ছাত্রী থাকার ব্যবস্থা রাখা হবে। এটিতে সর্বমোট এক হাজার ২১২ জন ছাত্রীর আবাসন ব্যবস্থা রাখা হবে।
তিনি বলেন, এছাড়া এই ছাত্রী হলে অবস্থানরত ছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে সকল ধরনের ব্যবস্থা থাকবে। এর মধ্যে হল সুপার ও সহকারী হল সুপার কক্ষ, হলের অফিস কক্ষ, কমন রুম, নামাজের ঘর, ডাইনিং কক্ষ, ডাইনিং ও রান্নার কক্ষ, অতিথি কক্ষ, একাধিক ওয়াশরুম, লন্ড্রি ও ষ্টেশনারি কক্ষ, ৪৪টি সিড়ি, প্রত্যেক ফ্লোরে ৬টি টয়লেট ও ৪টি গোসলখানা, ১০টি জেনারেটর কক্ষ, ২৩টি লিফট ও ১২টি সিকিউরিটি গার্ডের কক্ষ সংযুক্ত থাকবে বলে নিশ্চিত করেন।