বাসস
  ১৯ জুলাই ২০২৬, ১৯:৫৩

সরকারি অনুষ্ঠানের ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার না করার নির্দেশ কারিগরি শিক্ষা বোর্ডের

ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ (বাসস): সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে তৈরি করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি বা অন্য কোনো ভিন্ন আঙ্গিকে ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত এই পরিপত্র প্রতিপালন ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

আজ রোববার বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (৩ডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত পরিপত্রের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানদের তা অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।