শিরোনাম

ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নুর মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ রোববার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম জাকির হোসেন নান্নু যুবদলের একজন বলিষ্ঠ নেতা হিসেবে সংগঠনকে শক্তিশালী করতে মনে প্রাণে কাজ করে গেছেন।’
তিনি বলেন, ‘স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াকু সৈনিক হিসেবে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। তার মৃত্যুতে দলে একজন দক্ষ সংগঠকের অভাব অনুভুত হবে। জাকির হোসেন নান্নু’র ইন্তেকালে আমি তার শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সহমর্মিতা জানাই। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন তাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’
শোকবার্তায় বিএনপি মহাসচিব মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে পৃথক এক শোকবার্তায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জাকির হোসেন নান্নুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
শোকবার্তায় তিনি মরহুম নান্নুকে জাতীয়তাবাদী আদর্শের একজন বলিষ্ঠ অনুসারী হিসেবে উল্লেখ করে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তার সাহসী ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, তার মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো।
রুহুল কবির রিজভী মরহুম জাকির হোসেন নান্নুর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকবিহ্বল পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু গতরাতে রাজধানীর গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।