শিরোনাম

ঢাকা, ১০ জুলাই, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম ও পার্বত্য তিন জেলায় সাম্প্রতিক বন্যাজনিত দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দিয়েছে সরকার।
আজ শুক্রবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বন্যাকবলিত এলাকায় সরকারি সংস্থাগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে সমন্বয় ও তদারকি নিশ্চিত করার লক্ষ্যে প্রতিমন্ত্রীকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্বের আওতায় তিনি বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ, স্থানীয় প্রশাসনের কাছে মজুত ত্রাণসামগ্রী এবং চলমান উদ্ধার কার্যক্রম মূল্যায়ন করবেন।
পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় ও পরামর্শ প্রদান করবেন।
এ ছাড়া বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করে পুনর্বাসন পরিকল্পনা প্রণয়ন, ত্রাণসামগ্রীর পর্যাপ্ততা নিশ্চিত করতে প্রয়োজনীয় তদারকি এবং বন্যা পরিস্থিতি ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে নিয়মিত সরকারকে অবহিত করার দায়িত্বও পালন করবেন তিনি।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা দেবে।