বাসস
  ০৬ জুলাই ২০২৬, ১৯:০৯

মাভাবিপ্রবিতে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ছবি: বাসস

টাঙ্গাইল, ৬ জুলাই, ২০২৬ (বাসস): ‘জলবায়ু পরিবর্তন’ আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এ প্রতিপাদ্যে নানা আয়োজন টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে র‌্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ বিষয়ক সেমিনার, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

পরে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর ইএসআরএম বিভাগের সেমিনার হলে পরিবেশ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন আজ আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, এটি বর্তমান বিশ্বের অন্যতম বড় বাস্তবতা। পরিবেশ সংরক্ষণে কেবল সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

তিনি বলেন, একটি গাছ রোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব জীবনধারা গ্রহণের মাধ্যমে আমরা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে পারি। সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।

ইএসআরএম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. এস. এম. সাইফুল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন ও পূবালী ব্যাংকের আঞ্চলিক প্রধান ডেপুটি জেনারেল ম্যানেজার মো. বেল্লাল হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন, পরিবেশ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মাহমুদা বিনতে লতিফ।

সেমিনারে বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই উন্নয়ন বিষয়ে বিভিন্ন গবেষণা ও করণীয় তুলে ধরেন। এছাড়াও পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।