শিরোনাম

ঢাকা, ৫ জুলাই, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী আলোচনা ও অ্যাকাডেমিক সেশন আয়োজিত হয়েছে।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিভাগের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিভাগের দীর্ঘ পথচলা, অ্যাকাডেমিক অর্জন, গবেষণা, ঐতিহ্য এবং ভবিষ্যৎ উন্নয়নের দিকনির্দেশনা তুলে ধরা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
তিনি বলেন, দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক কর্পোরেট প্রতিনিধির উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব আরো বৃদ্ধি করেছে। কর্পোরেট ব্যক্তিত্বদের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের ক্যারিয়ার পরিকল্পনা সুদৃঢ় করতে হবে। একই সঙ্গে তিনি মার্কেটিং শিক্ষার সামাজিক প্রাসঙ্গিকতা, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় উদ্ভাবনী চিন্তার গুরুত্ব এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহা. আলী নূর। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ড. মাহ্মুদুল হাসান ফৈজী। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।