বাসস
  ০৫ জুলাই ২০২৬, ১৮:৫৮

প্রশাসনকে জনবান্ধব করতে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

রোববার ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি : বাসস

ময়মনসিংহ, ৫ জুলাই, ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আধুনিক ও যুগোপযোগী প্রশাসনিক অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সরকারি সেবা নিশ্চিত করা সম্ভব। উপজেলা পর্যায়ে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

আজ রোববার বিকেলে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এর আগে বিকেল ৩টায় প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়া উপজেলায় পৌঁছালে উপজেলা বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। পরে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি ফিতা কেটে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে প্রশাসনিক ভবন প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কয়েকটি গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সবাইকে এ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, স্থানীয় সংসদ সদস্য ও জামায়াত নেতা কামরুল হাসান মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ, উপজেলা বিএনপির আহ্বায়ক আকতারুল আলম ফারুক, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, সাইফুল ইসলাম বাদলসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ৮ কোটি ৬ লাখ ৮২ হাজার ৮৮৬ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের কাজ ২০২৪ সালের ২২ জানুয়ারি শুরু হয়। এমএসই-এমআরই (জেভি) নামের ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ বাস্তবায়ন করে এবং চলতি বছরের ৩০ এপ্রিল কাজ সম্পন্ন হয়।

এলজিইডির উপজেলা প্রকৌশলী জোবায়ের হোসেন জানান, উপজেলা প্রকৌশল অফিসের নিবিড় তদারকির ফলে নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

একই দিন সকালে নান্দাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। 

এর আগে তিনি নান্দাইল উপজেলা বিএনপির সদস্য ও ৩ নম্বর নান্দাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মরহুম আশরাফ আলীর কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে প্রতিমন্ত্রী মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।