শিরোনাম

নেত্রকোণা, ৪ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার কলমাকান্দা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি মিনি ট্রাক এবং ১৬ ড্রাম ভারতীয় হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড ইউএসপি কেমিক্যাল জব্দ করেছে।
শনিবার সকাল ১১টা ১৫মিনিটে এক সংবাদ বিজ্ঞতিতে বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী।
তিনি জানান, গতকাল শুক্রবার রাত আনুমানিক ১১টায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধীনস্থ খারনই বিওপির একটি বিশেষ টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। টহল দলটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৭৬/৫-এস হতে আনুমানিক ৫শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার ৬নং খারনই ইউনিয়নের ‘সুরুজের মোড়’ নামক স্থানে অবস্থান নেয়।
অভিযান চলাকালীন বিজিবি টহল দল ভারত হতে আসা একটি মিনি ট্রাক দেখতে পেয়ে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা ট্রাকটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা পরিত্যক্ত ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১৬ ড্রাম ভারতীয় হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড ইউএসপি কেমিক্যাল জব্দ করতে সক্ষম হয়। জব্দ ১৬ ড্রাম কেমিক্যালের আনুমানিক মূল্য ৩২ লক্ষ টাকা এবং আটককৃত মিনি ট্রাকটির মূল্য ১৮ লক্ষ টাকা। সর্বমোট জব্দ মালামালের মূল্য ৫০ লক্ষ টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আটক কেমিক্যাল ও মিনি ট্রাকটি পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে নেত্রকোণা কাস্টমস অফিসে জমা করা হবে এবং সীমান্তে চোরাচালান রোধে বিজিবি’র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী।