শিরোনাম

নেত্রকোণা, ২ জুলাই, ২০২৬, (বাসস): জেলার কেন্দুয়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোণা-৩ (আটপাড়া -কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার উজ্জ্বল সাহা।
প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, কৃষকের উন্নয়নই দেশের উন্নয়ন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে সবসময় কৃষকদের পাশে রয়েছে, একটি সমৃদ্ধ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
তিনি উৎপাদন বাড়াতে কৃষকদের এই সরকারি প্রণোদনার সঠিক ব্যবহারের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।