বাসস
  ০২ জুলাই ২০২৬, ১৯:৩৩

চুয়াডাঙ্গায় মিষ্টি বাড়িকে ২০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা, ২ জুলাই, ২০২৬, (বাসস): অপরিচ্ছন্ন পরিবেশ ও স্বাস্থ্য সনদ না নিয়ে দই উৎপাদন করায় চুয়াডাঙ্গার ঘোলদাড়ি বাজারে মিষ্টি বাড়িকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি বাজারে অভিযান চালানো হয়।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযানে চাল, মিষ্টি তৈরির কারখানা, ওষুধ, সার ও বীজের দোকান পরিদর্শন করা হয়।

এ সময় অপরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য সনদ না নিয়ে দই উৎপাদনসহ প্রভৃতি কারণে খাদ্য সামগ্রী তৈরি করায় মো. শুকুর আলীর মিষ্টি বাড়িকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই সময় বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত মূল্যে পণ্য কেনাবেচা ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য বিক্রি না করার জন্য নির্দেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা আনসার ব্যাটালিয়নের একটা টিম।