শিরোনাম

পটুয়াখালী, ২ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার বাউফলে ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের ধানর বীজ, সবজির বীজ, ফলদ ও বনজ চারা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় এ সব সামগ্রী বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
প্রধান অতিথি বলেন, ‘কৃষিই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকের উন্নয়ন নিশ্চিত হলে দেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।’
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, খরিপ-২ মৌসুমের এ কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেয়া হবে। এছাড়া ১ হাজার ৫০৫ জন কৃষকের মাঝে লেবুসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হবে। একই কর্মসূচির আওতায় ৩৫০ জন কৃষককে হাইব্রিড মরিচের বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ দেয়া হচ্ছে।
তিনি আরও জানান, কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে মোট ৫ হাজার ৮৫৫ জন কৃষক সরাসরি উপকৃত হবেন। এ কর্মসূচির লক্ষ্য কৃষি উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখা।
এ সময় উপস্থিত ছিলেন, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা রেদোয়ান তালুকদার জুনিয়র, কৃষি অফিসার মো. ফোরকান, বাউফল জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক কৃষক ।