বাসস
  ০২ জুলাই ২০২৬, ১৮:০৩

বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী

সারা দেশের মতো আজ বরিশাল শিক্ষা বোর্ডের অধীনেও শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। ছবি : বাসস

বরিশাল, ২ জুলাই, ২০২৬ (বাসস) : সারা দেশের মতো বরিশাল শিক্ষা বোর্ডের অধীনেও শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। আর এ বছর এ পরীক্ষায় অংশ নিয়েছে ৬০ হাজার ৪৩৬ পরিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বাংলা প্রথম পত্রের মধ্যদিয়ে এ পরীক্ষা শুরু হয়।

বরিশাল শিক্ষাবোর্ডের অধিনে ৬০ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। যার মধ্যে ২৮ হাজার ৩০ জন ছাত্র ও ছাত্রী রয়েছেন ৩২ হাজার ৪০৬ জন। এবছর প্রথম বারের মত অভিন্ন প্রশ্নপত্রে সবগুলো শিক্ষা বোর্ডে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রস্তুতি ভালো থাকলে অভিন্ন প্রশ্নপত্রে কোন সমস্যা থাকার কথা নয়। 

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইউনুস আলি সিদ্দীকি বাসস’কে বলেন, প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন ও প্রশাসন কাজ করছে। পরীক্ষার জন্য ২১ টি ভিজিলেন্স টিম কাজ করছে।

বরিশালে মোট ১৪২ টি কেন্দ্রে ৩৫০ টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।