বাসস
  ০২ জুলাই ২০২৬, ১৭:৫৪

টাঙ্গাইলে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ৩২ হাজার ৮৭০ জন পরীক্ষার্থী 

ছবি : বাসস

টাঙ্গাইল, ২ জুলাই, ২০২৬ (বাসস) : সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আজ শুরু হয়েছে।

জেলার মোট ৬৫টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে ৩২ হাজার ৮৭০ জন পরীক্ষার্থী বৃহত্তম এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় টাঙ্গাইল শহরের বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরিদর্শন করেন জেলা প্রশাসক শরীফা হক।

জেলা প্রশাসক শরীফা হক বাসস’কে বলেন, টাঙ্গাইলে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন এবং আইন শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখতে কেন্দ্র সচিবদের নিদের্শনা প্রদান করা হয়েছে।

এ ছাড়াও উপজেলা পর্যায়ে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করছেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। জেলায় শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লায়লা আঞ্জুমান বানু, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার লাবিবুজ্জামান মুস্তাবীন উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লায়লা আঞ্জুমান বানু বাসস’কে বলেন, জেলার এইচএসসি ৩৪ কেন্দ্রের মোট পরীক্ষার্থী ২৫ হাজার ৫০৫ জন, আলিম বিভাগে ১১ কেন্দ্রে ১ হাজার ৬৩৯ জন, এইচএসসি (ভোকেশনাল) ৩টি কেন্দ্রে ৩৫১ জন এবং এইচএসসি (বিএমএ) ১৭ টি কেন্দ্রে ৫ হাজার ৩৭৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।