বাসস
  ০২ জুলাই ২০২৬, ১৭:৪৮

রাজবাড়ীতে ৮০ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান

ছবি : বাসস

রাজবাড়ী, ২ জুলাই, ২০২৬, (বাসস): জেলার ১৯টি সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ৬১ জন অসহায় ও দুস্থ সাংস্কৃতিক ব্যক্তিত্বের মধ্যে প্রায় ১৮ লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে চলতি অর্থবছরে জেলার মোট ৮০টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এই আর্থিক সহায়তা দেওয়া হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মনজুরুল আলম দুলাল।

এ সময় জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি। তার পক্ষ থেকেই আজ জেলার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও ব্যক্তিত্বদের মধ্যে এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক আরও বলেন, সংস্কৃতি আমাদের ঐতিহ্য ও জাতীয় পরিচয়ের অন্যতম ভিত্তি। সাংস্কৃতিক অঙ্গনের মানুষের কল্যাণে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে রাজবাড়ীর সাংস্কৃতিক কর্মী ও প্রতিষ্ঠানগুলো যাতে আরও বেশি সহায়তা পায়, সেই বিষয়ে তিনি সংস্কৃতি প্রতিমন্ত্রীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন।