শিরোনাম

গোপালগঞ্জ, ২ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার কাশিয়ানী উপজেলায় বাসের ধাক্কায় আলাউদ্দিন খান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মাজড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন খান উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্রাইধোবা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহিদ খানের ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল দুর্ঘটনার বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে মাজড়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে আলাউদ্দিন মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী পর্যটক পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে সে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে স্থানীয়রা ও হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপ-পরিদর্শক আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাস’টিকে এখনো আটক করা যায়নি, তবে সেটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।