শিরোনাম

ঢাকা, ১ জুলাই, ২০২৬ (বাসস) : অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি (সিসিইএ) আজ সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থায় ইউরিয়া সার আমদানি, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ) সম্প্রসারণের জন্য শিল্প জমি হস্তান্তর এবং দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কয়লার মূল্য নির্ধারণ পদ্ধতিতে সংশোধনীসহ তিনটি প্রস্তাব অনুমোদন দিয়েছে।
আজ বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির ২০তম সভায় এ সব অনুমোদন দেওয়া হয়।
কমিটি ২০২৬-২৭ অর্থবছরের জন্য সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় ইউরিয়া সার ক্রয়ের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়।
প্রস্তাব অনুযায়ী, দেশের কৃষি খাতে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির সঙ্গে ইউরিয়া সার আমদানির জন্য একটি চুক্তি স্বাক্ষর করবে।
এছাড়া, সিসিইএ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে। যার আওতায় বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) অধীন জলিল টেক্সটাইল মিলস লিমিটেডের সম্পত্তি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে।
চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত এই শিল্প সম্পত্তি বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির (বিওএফ) পরিকল্পিত সম্প্রসারণে ব্যবহার করা হবে। যা দেশের প্রতিরক্ষা উৎপাদন অবকাঠামোকে আরও শক্তিশালী করবে।
বিদ্যুৎ খাতে, চট্টগ্রামের বাঁশখালীতে এসএস পাওয়ার-১ লিমিটেডের নির্মিত ২ী৬১২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেডের ৩০৭ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে প্রযোজ্য কয়লার মূল্য নির্ধারণ পদ্ধতিতে সংশোধনী অনুমোদন দিয়েছে কমিটি।
এসব অনুমোদনের ফলে দেশের কৃষি খাতে সারের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত হবে, প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ এবং কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের আর্থিক কাঠামো আরও কার্যকর ও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।