বাসস
  ০১ জুলাই ২০২৬, ১১:০৩

হাবিপ্রবি’র চলতি অর্থ বছরের বাজেট ঘোষণা

দিনাজপুর, ১ জুলাই, ২০২৬ (বাসস) : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) চলতি অর্থ-বছরের জন্য মোট ১৩৩ কোটি ৪১ লক্ষ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। যা গত অর্থ বছরের তুলনায় ৪ কোটি ১২ লাখ ১৫ হাজার টাকা বেশি।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য বাসস’কে নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানান হয়, মোট বাজেটের মধ্যে ইউজিসি দিবে ১২৩ কোটি ৭৮ লাখ ৭৪ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রাজস্ব আয় থেকে ৯ কোটি ৬৩ লাখ টাকা আসবে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম জানান, মোট বরাদ্দের সব থেকে কম স্বাস্থ্য সেবা খাতে ১২ লাখ টাকা। যা মোট বাজেটের ০.০৯% নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য সেবা খাতের বরাদ্দ হিসাব করলে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মোট ১১ হাজার ২০৩ জন শিক্ষার্থীর বিপরীতে জন প্রতি ১০৭ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। যা শিক্ষার্থীদের তুলনায় খুবই অপ্রতুল। তবে প্রয়োজন হলে স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়ানো হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা, অবসর ও পেনশন বাবদ ৯০ কোটি ১৮ লাখ ৮২ হাজার টাকা। যা মোট বাজেটের ৬৭.৫৯% । এরমধ্যে কর্মকর্তাদের বেতন ৩৮ কোটি ৭৩ লাখ ১৮ হাজার টাকা, কর্মচারীদের বেতন ৮ কোটি ৩৬ লাখ ৪৭ হাজার টাকা, বিশেষ সুবিধা বাবদ ৪ কোটি ৮২ লাখ টাকা, ভাতাদি বাবদ সহায়তা ৩১ কোটি ৮২ লাখ ১৭ হাজার টাকা এবং পেনশন ও অবসর সুবিধা বাবদ ৬ কোটি ৪৬ লাখ ৬২ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

বিগত অর্থ-বছরে গবেষণা ও উদ্ভাবন খাতে বরাদ্দ থাকলেও এবার এই খাতে কোনো ধরনের বরাদ্দ পায়নি হাবিপ্রবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে, বিগত অর্থবছরে যানবাহন বাবদ কোনো বরাদ্দ না পেলেও চলতি অর্থবছরে খাতটিতে ৪ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ পেয়েছে বিশ্ববিদ্যালয়।

সূত্র জানায়,বিশ্ববিদদের কৃতিপক্ষ আশা করছেন, গবেষণা ও উদ্ভাবন বিষয়ে পৃথক বরাদ্দ পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া উন্নয়ন খাতে নির্মাণ কাজের জন্য পৃথক বরাদ্দ পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও পণ্য ও সেবা বাবদ (সাধারণ) ২৯ কোটি ৭৩ লাখ, পণ্য ও সেবা বাবদ (মেরামত) ৩ কোটি ৩৫ লাখ, যন্ত্রপাতি অনুদান ২ কোটি ৪২ লাখ, তথ্য যোগাযোগ প্রযুক্তি অনুদান ৮০ লাখ, অন্যান্য মূলধন অনুদান ৭০ লাখ ও অন্যান্য অনুদান ১ কোটি ৬৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

হাবিপ্রবি’র ভিসি অধ্যাপক ড,এনামুল্যা গতকাল রাতে বাসস’কে বলেছেন,বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থা উন্নতির লক্ষ্যে প্রয়োজনীয় অর্থ সংকট হবে না। এ বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে অবহিত করবো বলে তিনি আশ্বস্ত করেন।