বাসস
  ৩০ জুন ২০২৬, ১৭:৪৪

ঢাবিতে ন্যানোটেকনোলজি গবেষণায় এএফএম মেশিনের ব্যবহার নিয়ে প্রশিক্ষণ

ঢাকা, ৩০ জুন, ২০২৬ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)-এর যৌথ উদ্যোগে অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ বা এএফএম মেশিনের ব্যবহার, ইনস্টলেশন ও পরিচালনা বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সেন্টারের সেমিনার কক্ষে কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপের উদ্বোধন করেন।

তিনি বলেন, এই মেশিন ন্যানোটেকনোলজি বিষয়ক উচ্চতর গবেষণা করতে সহায়ক ভূমিকা পালন করবে। এর মাধ্যমে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক আরও জোরদার হবে এবং বিজ্ঞান বিষয়ক আন্তঃবিভাগসমূহের গবেষণার পরিধি বৃদ্ধি পাবে। এই মেশিন উপহার দেওয়ার জন্য তিনি তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা’র কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস-এর পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ ও প্রজেক্ট এক্সপার্ট নুরুল্লাহ।

কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগের শিক্ষক, বিজ্ঞানী ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন ন্যানোম্যাগনেটিক ইন্সট্রুমেন্টের ইঞ্জিনিয়ার মেহমত কচ ।

উল্লেখ্য, বৈজ্ঞানিক গবেষণার উৎকর্ষ সাধন এবং গবেষণা সক্ষমতা বৃদ্ধির জন্য তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস ভবনে এই অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ (এএফএম) স্থাপন করে। 

খালি চোখে দেখা যায় না এমন অতি ক্ষুদ্র অণু-পরমাণুর ছবি তোলে এই মেশিন, যা মূলত স্পর্শ করার অনুভূতির মাধ্যমে কাজ করে। কম্পিউটারের সাহায্যে অত্যন্ত সূক্ষ্মভাবে এটি পরিচালনা করা হয়।