শিরোনাম

যশোর, ২৯ জুন, ২০২৬, (বাসস) : আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড থেকে এবার মোট এক লাখ ১৭ হাজার ১১৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ৩৬৮ জন বেড়েছে। গত বছর এ বোর্ড থেকে এক লাখ ১৬ হাজার ৮০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।
যশোর বোর্ড সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫৬ হাজার ৯৯৮ জন এবং ছাত্রী ৬০ হাজার ১১৯ জন।
বিভাগ ভিত্তিক পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শাখায় ২২ হাজার ৭২৩ জন, মানবিক শাখায় ৮১ হাজার ৯৬০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় রয়েছে ১২ হাজার ৪৯৪ জন শিক্ষার্থী।
যশোর শিক্ষাবোর্ড সূত্র জানায়, এবার খুলনা বিভাগের আওতাধীন ১০টি জেলার পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে খুলনা জেলায় ২৩ হাজার ৫৪৭ জন, বাগেরহাটে আট হাজার ২২৯ জন, সাতক্ষীরায় ১২ হাজার ২৭৭ জন, কুষ্টিয়ায় ১৫ হাজার ৩৮৩ জন, চুয়াডাঙ্গায় সাত হাজার ৫৭৯ জন, মেহেরপুরে তিন হাজার ৯১৫ জন, যশোরে ১৯ হাজার ৭৯১ জন, নড়াইলে চার হাজার ৬৯৯ জন, ঝিনাইদহে ১৪ হাজার ৭০২ জন এবং মাগুরা জেলায় সাত হাজার ৫৫ জন পরীক্ষার্থী রয়েছে।
যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন বাসসকে বলেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা গ্রহণের জন্য সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এক্ষেত্রে পরীক্ষা গ্রহণের দায়িত্বে থাকা কোনো ব্যক্তির কোনো ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না বলে জানান তিনি।