শিরোনাম

ঢাকা, ২৯ জুন, ২০২৬ (বাসস): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ডিজিটাল প্রশাসনিক কার্যক্রম জোরদার করতে ডি-নথি ব্যবস্থা দ্রুত চালুর লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ডি-নথি কার্যক্রম দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে এ কার্যক্রমের অগ্রগতি তদারকির জন্য একটি মনিটরিং সেল গঠনের ঘোষণা দেন।
আজ সোমবার উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এ সদ্য ডি-নথি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং ডি-নথি সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় প্রশিক্ষণ-পরবর্তী করণীয়, ডি-নথি ব্যবস্থার কার্যকর বাস্তবায়নের কৌশল, কর্মপরিকল্পনা প্রণয়ন, দায়িত্ব বণ্টন এবং ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি প্রশিক্ষণে অর্জিত জ্ঞানকে কীভাবে বাস্তব প্রশাসনিক কার্যক্রমে দ্রুত প্রয়োগ করা যায়, সে বিষয়েও মতবিনিময় করা হয়।
সভায় উপাচার্য বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা বাস্তবে প্রয়োগ করতে না পারলে প্রশিক্ষণের সুফল পাওয়া যাবে না। তাই দ্রুততম সময়ের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্তদের সম্পৃক্ত করে বিশ্ববিদ্যালয়ে ডি-নথি কার্যক্রম শুরু করতে হবে। নিয়মিত অনুশীলন ও ব্যবহার নিশ্চিত করা না গেলে এ ব্যবস্থার সফল বাস্তবায়ন সম্ভব হবে না বলেও তিনি উল্লেখ করেন।
সভায় আগামী মাসের প্রথম সপ্তাহে বিআইএমের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের জন্য ডি-নথি বিষয়ে আরও একটি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর আগামী মাস থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সীমিত পরিসরে ডি-নথি কার্যক্রম বাস্তবায়ন শুরু করা হবে। পর্যায়ক্রমে এ কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক দপ্তরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
মতবিনিময় সভার শেষে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা ডি-নথি বাস্তবায়নে সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য উপাচার্য প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, উপাচার্যের নেতৃত্বে ডিজিটাল প্রশাসনিক ব্যবস্থাপনা আরও গতিশীল হবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আধুনিক, স্বচ্ছ ও দক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে তোলার পথে আরও একধাপ এগিয়ে যাবে।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. সজীব সাহাসহ বিআইএমে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন কর্মকর্তা-কর্মচারী এবং ডি-নথি সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।