বাসস
  ২৮ জুন ২০২৬, ১৯:১০

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গণমাধ্যম ও তরুণদের ভূমিকা রাখতে হবে : জবি উপাচার্য

ছবি : বাসস

ঢাকা, ২৮ জুন, ২০২৬ (বাসস) : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালন ও তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। 

আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলা: গণমাধ্যম ও যুব সমাজের ভূমিকা’- শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় উপাচার্য বলেন, বিশ্বে টিকে থাকার জন্য জলবায়ু পরিবর্তন বিষয়ক এ ধরনের সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বিশ্ব নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু বাংলাদেশেই নয়, সমগ্র বিশ্বেই দৃশ্যমান। 

তিনি আরও বলেন, এক সময় যে গাছপালা, খাল-বিল, নদ-নদী ও জীববৈচিত্র্য আমাদের পরিবেশের অবিচ্ছেদ্য অংশ ছিল, তার অনেকটাই আজ বিলুপ্তির পথে। এর ফলে বৈশ্বিক গড় তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে পরিবেশ দূষণ ওতপ্রোতভাবে জড়িত এবং এ সংকট সৃষ্টিতে মানুষেরও দায় রয়েছে। নির্বিচারে বন উজাড়, পাহাড় কাটা ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অনিয়ন্ত্রিত কর্মকাণ্ড প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে। 

এ অবস্থা থেকে উত্তরণে সবার নৈতিক দায়িত্ববোধ জাগ্রত আহ্বান জানিয়ে উপাচার্য পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন আরও বলেন, দেশ ও পৃথিবীকে বাসযোগ্য রাখতে গণমাধ্যমকে পরিবেশ দূষণের প্রকৃত কারণ ও দায়ীদের নিরপেক্ষভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে এবং একই সঙ্গে তরুণদের নেতৃত্বে পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। 

তিনি বলেন, বর্তমান প্রজন্ম বিশেষ করে ‘জেন-জি’ তরুণরা উদ্ভাবনী শক্তি ও ইতিবাচক পরিবর্তনের সক্ষমতা ধারণ করে। তাদেরকে মাঠপর্যায়ে পরিবেশ সংরক্ষণে কাজ করতে হবে।

সেমিনার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাবিনা শারমীন।

সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এনভায়রনমেন্টাল ইনোভেশন অ্যান্ড রিসার্চ নেটওয়ার্কের প্রধান নির্বাহী শাহ ইসরাত আজমেরি।

আলোচক হিসেবে বক্তব্য দেন দ্য ডেইলি স্টার-এর প্রধান প্রতিবেদক (কান্ট্রি) পিনাকি রয়। 

সেমিনারে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আশরাফুল আলম।

এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, গবেষকসহ অনান্যরা উপস্থিত ছিলেন। সেমিনার শেষে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে একটি বৃক্ষ রোপন করেন।