বাসস
  ১৮ জুন ২০২৬, ১৭:২৭

জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ডা. জুবাইদা নিরলসভাবে কাজ করছেন : মঈন খান

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ জুন, ২০২৬(বাসস): বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, মেধাবী প্রজন্ম তৈরি করতে জ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে ডা. জুবাইদা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছায়াসঙ্গী হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালী টিএন্ডটি  মহিলা কলেজ মিলনায়তনে ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে সেখানে কোরআন খতম, শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ঔষধ বিতরণ, পথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ এবং গাছের চারা রোপন করা হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান বলেন,  ডা. জুবাইদা রহমান আপন মেধা ও মননে উদ্ভাসিত এক মহীয়সী নারী। তিনি জন্মদিনের আড়ম্বর বা জাঁকজমক আয়োজন সমর্থন করেন না। আজকে এই জন্মদিনেও সেটাই প্রতিফলিত হয়েছে।

পরে ড. আব্দুল মঈন খান কলেজ মাঠে অতিথিদের সঙ্গে নিয়ে নিম গাছ রোপন করেন এবং পথশিশুদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। পরে হাফেজ ও পথশিশুদেরকে মধ্যাহ্ন ভোজ পরিবেশন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

উল্লেখ্য, জন্মদিন উপলক্ষে সব ধরনের আড়ম্বর পরিহার করে জনহিতকর এবং দেশের কল্যাণমূলক কাজকেই উৎসাহিত করেন ডা. জুবাইদা রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডাক্তার পারভেজ রেজা কাঁকন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ মাহবুবুল হক বাচ্চু, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার কুয়াশা উমায়ুন চৌধুরী, সাংবাদিক হাফিজ আল আসাদ সাইদ খান।

এ ছাড়াও যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডা. ফারুক আহমেদ, আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, সহ-প্রচার সম্পাদক ডা. ইকরামুল ইসলাম সৌরভ, ডা. মেহেদী হাসান, সরকারি মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. তানজিম রুবায়েদ আফিফ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য মাহমুদুল হাসানসহ তিনটি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।