বাসস
  ১৮ জুন ২০২৬, ১৬:৪৬

মাফিয়া আওয়ামী সরকারের আঘাতের ব্যথা এখনো বয়ে বেড়াচ্ছি : তথ্য প্রতিমন্ত্রী

ছবি : বাসস

ঢাকা, ১৮ জুন, ২০২৬ (বাসস): তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিবাদী মাফিয়া আওয়ামী লীগ সরকারের আমলে আয়নাঘরে নিয়ে অমানুষিক নির্যাতনের শিকার হওয়ার সেই ভয়াল স্মৃতি ও শারীরিক যন্ত্রণা তাকে এখনো তাড়িয়ে বেড়াচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘মাফিয়া সরকারের দেয়া আঘাতের ব্যথা আমি এখনো বয়ে বেড়াচ্ছি। প্রায়ই এই ব্যথাটা ভীষণভাবে অনুভব করি। যখন ব্যথা ওঠে, তখন আমি আর অন্য কোনো কাজ করতে পারি না।’

আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালার সমাপনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী তার জীবনের এই নির্মম ও বেদনাবিধুর অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আবেগ তাড়িত কন্ঠে বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকারের সময় আয়না ঘরে আমার ওপর যে বর্বর নির্যাতন চালানো হয়েছিল, সেখান থেকেই শারীরিক ও মানসিক যন্ত্রণা আমাকে তাড়িত করে।’

কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব, সিনিয়র সাংবাদিক, বিভিন্ন স্টেকহোল্ডার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।