শিরোনাম

টাঙ্গাইল, ১৩ জ্নু, ২০২৬ (বাসস) : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশে মাছের চাহিদা পূরণের লক্ষ্যে দেশীয় প্রজাতির মাছ টিকিয়ে রাখতে নানা কর্মসূচি গ্রহণ করেছে সরকার।
তিনি বলেন, এতে একদিকে যেমন মাছের উৎপাদন বাড়বে, তেমনি বর্ধিত উৎপাদন দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে সহায়ক হবে।
আজ (শনিবার) সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার গাড়াইল বিলে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশীয় জাতের মাছ টিকিয়ে রাখতে এবং উৎপাদন বাড়াতে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সারাদেশে সরকারি জলাশয়, পুকুর, বিল এবং ব্যক্তি পর্যায়ে পুকুর ও জলাশয়ে মাছের পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে।
আইন প্রয়োগসহ জনসচেতনতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে মৎস্য শিকার ও আহরণে চায়না জালসহ ক্ষতিকারক সকল প্রকার জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
মৎস্য অবমুক্তকরণ উপলক্ষ্যে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আলীসহ আরও অনেকে।